প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
মানিক মিয়া এভিনিউ সবুজায়নে ডেপুটি স্পিকারের কঠোর নির্দেশ
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ এলাকা আরও সবুজায়ন, পরিচ্ছন্ন রাখা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও ঢাকা সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।বৃহস্পতিবার মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।তিনি বলেন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন এ এলাকা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগমস্থল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, পথচারী ও সংস্কৃতি-প্রেমী মানুষ এখানে আসেন। তাই এ স্থানকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব করে গড়ে তোলা জরুরি।ডেপুটি স্পিকার আরও বলেন, দীর্ঘদিন ধরে গণশৌচাগারের অভাবে দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন। তাই ভ্রাম্যমাণ গণশৌচাগারসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, সংসদ ভবন বিশ্বের অন্যতম নান্দনিক স্থাপত্য নিদর্শন। কিন্তু কিছু স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা ও বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে, যা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে সমাধান করতে হবে।তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সঙ্গেও জড়িত। বর্ষা মৌসুমে ডেঙ্গু ঝুঁকি বেড়ে যাওয়ায় বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে।ডেপুটি স্পিকার সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া তিনি মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অধিক সংখ্যক বৃক্ষ ও ফুলের গাছ রোপণের নির্দেশ দেন, যাতে এলাকাটি আরও সবুজ ও ছায়াময় জনপরিসরে রূপ নেয়।
পরিদর্শনকালে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়াসহ গণপূর্ত অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত