প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
সৈয়দপুরে স্কুল ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া, অল্পের জন্য রক্ষা ৩০ শিক্ষার্থী
শাহজাহান আলী মনন, , নীলফামারী প্রতিনিধি:: ||
নীলফামারীর সৈয়দপুরে ক্লাস চলাকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রায় ৩০ জন শিক্ষার্থী।মঙ্গলবার (১৬ জুন) দুপুর সোয়া ১২টার দিকে শহরের নতুন বাবুপাড়াস্থ কয়া নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী সামান্য আহত হয়।বিদ্যালয় সূত্রে জানা যায়, একতলা পুরোনো ভবনের দুটি কক্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান চলছিল। ঘটনার সময় দ্বিতীয় শ্রেণির বাংলা ক্লাস চলছিল, যেখানে ৩০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। হঠাৎ করে ছাদের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়তে শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সহকারী শিক্ষক নাজমুন নাহার জানান, হঠাৎ পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে। পরে অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা দ্রুত এসে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।ঘটনার পরপরই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তালা লাগিয়ে দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা আক্তার বানু জানান, ১৯১১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে কয়েকশ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসেও ভবনটি ঝুঁকিপূর্ণ বলে লিখিতভাবে জানানো হয়েছিল।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ভবনটি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় উপজেলা প্রকৌশলীর পরামর্শে এটি পরিত্যক্ত ঘোষণা করে সিলগালা করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত