প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে ভোট শুরু
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে। বাজেট প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচনগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।তিনি আরও জানান, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণ করা হবে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।ঢাকা ওয়াসার পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবার উন্নয়ন নিয়েও তিনি সংসদে বক্তব্য দেন।তিনি জানান, ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা ও উৎপাদন সক্ষমতার মধ্যে সামান্য ঘাটতি থাকলেও আধুনিক প্রযুক্তি ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং তা সিটি করপোরেশনের চুক্তির আওতায় আনার কাজ চলছে।এছাড়া জন্ম ও মৃত্যুনিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক করতে সফটওয়্যারের নতুন সংস্করণ, অনলাইন পেমেন্ট সুবিধা এবং ব্লকচেইন প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত