প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
গোপালগঞ্জে সরকারি সেবায় এআই প্রযুক্তি প্রশিক্ষণ, সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জে সরকারি সেবার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা এবং বার্ষিক সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সেবা প্রদানে এআই প্রযুক্তির কার্যকর প্রয়োগ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জনসেবা সহজ, দ্রুত ও অধিক কার্যকর করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সেবার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে এআইয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ, সরকারি কাজে প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।একই দিনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। তিনি সরকারি সেবায় প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরীফ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান। তিনি বলেন, যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের এ ধরনের উদ্যোগ একদিকে প্রযুক্তিনির্ভর সরকারি সেবার উন্নয়ন ত্বরান্বিত করবে, অন্যদিকে ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত