প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
তিন সন্তানের মাকে পিটিয়ে হত্যা? স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও যৌতুকের দাবির জেরে স্বামীর মারধরে তাঁর মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগে জানা যায়, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামের বাসিন্দা শিল্পি বেগম বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। পরিবারের দাবি, গত রোববার রাতে স্বামী ইকবাল সিকদার আবারও তাঁকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়।অভিযোগ রয়েছে, ঘটনার পর মরদেহ বাড়ির গোয়ালঘরে ফেলে রেখে অভিযুক্ত স্বামী এলাকা থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।নিহতের ভাই ছারোয়ার কাজী জানান, তাঁর বোন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার ছিলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই জাকির সিকদারকে হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে পলাতক ইকবাল সিকদারকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।তিন সন্তানের জননী শিল্পি বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের মৃত্যুতে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত