প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার, অতি দ্রুত দেশে ফেরানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
চেকপোস্ট নিউজ, ||
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (১৪ জুন) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বর্তমানে বেনজীর আহমেদ সেখানে পুলিশি হেফাজতে রয়েছেন।তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হয়। সেই অনুযায়ী সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।এর আগে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।সরকার এই ঘটনাকে বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, “অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এটি আইনের শাসন প্রতিষ্ঠার একটি মাইলফলক।”এদিকে পুলিশ সদর দপ্তরের একটি সূত্রও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
দুদকের অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের একাধিক মামলা রয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত