প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
থানায় আশ্রয়ের একদিন পর ডিসি অফিসে হামলার শিকার ‘সমন্বয়ক’ মাহাদী
চেকপোস্ট নিউজ:: ||
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসানকে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ভেতরে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ভিডিওতে মাহাদীকে বলতে শোনা যায়, ডিসি অফিসের ভেতরে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।এর একদিন আগেই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মাহাদী হাসান অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা তার ওপর হামলার উদ্দেশ্যে ধাওয়া করছেন। লাইভ ভিডিওতে তাকে আতঙ্কিত অবস্থায় রিকশাযোগে হবিগঞ্জ সদর থানার দিকে ছুটতে দেখা যায়। একপর্যায়ে তিনি থানায় আশ্রয় নিয়ে পুলিশের কাছে নিরাপত্তা চান।লাইভে মাহাদী বলেন, ছাত্রদল আমার ওপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে। আমার কি পারসোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে।তিনি আরও জানান, সেদিন তার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি আগেই সংশ্লিষ্টদের অবগত করেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে তাকে ধাওয়া দেওয়া হয় বলে অভিযোগ করেন।এদিকে বৃহস্পতিবার ডিসি অফিসে হামলার অভিযোগ সামনে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাহাদীকে আহত হওয়ার দাবি করতে দেখা যায়। তবে হামলার ঘটনায় কারা জড়িত ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।মাহাদী হাসান এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। চলতি বছরের ২ জানুয়ারি এক যুবককে ছাড়িয়ে নিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় যান তিনি ও তার অনুসারীরা। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে মাহাদীকে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় হামলা ও পুলিশ কর্মকর্তা এসআই সন্তোষ চৌধুরী হত্যার প্রসঙ্গ টেনে তার বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়।ঘটনার জেরে ৩ জানুয়ারি মাহাদীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পরদিন আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।সাম্প্রতিক হামলার অভিযোগ প্রসঙ্গে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা যতদূর জেনেছি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার কারণে মাহাদী হাসানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধ রয়েছে। তবে আজকের হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে আমরা ছাত্রদলের কাউকে দেখতে পাইনি এবং তিনি কাউকে সুনির্দিষ্টভাবে দেখাতেও পারেননি।ওসি আরও বলেন, মাহাদী আমাদের কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তিনি বর্তমানে থানায় অবস্থান করছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে মাহাদীর ওপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত