প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
গোল্ডেন এ-প্লাস পাওয়া অন্তর এখন ব্লাড ক্যান্সারে লড়ছে জীবনযুদ্ধে
ছাইম খান, , গোপালগঞ্জ প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের অদম্য মেধাবী শিক্ষার্থী অন্তর শেখ এখন ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অর্থের অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে।এক সময় যে হাতে ছিল বই ও স্বপ্ন গড়ার কলম, আজ সেই হাতে রয়েছে শুধুই চিকিৎসার রিপোর্ট যেখানে লেখা এক কঠিন বাস্তবতা। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পাওয়া অন্তরের এই অসুস্থতা পুরো পরিবারকে চরম হতাশায় ফেলে দিয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, অন্তরের বাবা ভুলু মিয়া শেখ একজন দরিদ্র কৃষক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সীমিত আয়ের সংসারে কষ্টের মধ্যেও ছেলের শিক্ষাজীবন নিয়ে বড় স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু সেই স্বপ্ন হঠাৎ করেই থমকে যায় অন্তরের অসুস্থতায়।এসএসসি পাসের পরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৬ লাখ টাকা প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।এ পর্যন্ত আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই লাখ টাকা খরচ হলেও বর্তমানে অর্থসংকটে চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিবারটির একমাত্র গাভীও বিক্রি করে চিকিৎসা চালানোর চেষ্টা করা হয়।অন্তরের বাবা ভুলু শেখ বলেন, তিনি একজন অসহায় কৃষক এবং অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারেন না। ছেলেকে বাঁচানোর সামর্থ্য আর নেই তার। তিনি দেশবাসীর কাছে সন্তানের জীবন বাঁচাতে সহায়তার আবেদন জানান।অন্তরের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে বড় হবে এবং মানুষের সেবা করবে। কিন্তু এখন সবকিছু অনিশ্চয়তায় ভরা। বৃদ্ধ দাদীও নাতির জন্য প্রতিদিন কান্না করছেন।স্থানীয়রা জানান, অন্তর অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র স্বভাবের একজন শিক্ষার্থী। তার দ্রুত আরোগ্যের জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।স্থানীয়দের বিশ্বাস, সময়মতো উন্নত চিকিৎসা পেলে অন্তর আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। একটি সম্ভাবনাময় জীবনের বেঁচে থাকার লড়াইয়ে এখন সমাজের সহানুভূতি ও সহযোগিতাই হতে পারে তার একমাত্র আশার আলো।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত