প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিতির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
মোঃ মাজহারুল ইসলাম, , কুড়িগ্রাম প্রতিনিধি:: ||
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ১১২ নম্বর তিন হাজারীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিতি ও পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে মোট তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তার সহধর্মিণী একজন সহকারী শিক্ষিকা এবং অপর একজন সহকারী শিক্ষক রয়েছেন। অভিযোগ রয়েছে, তিন শিক্ষক পারস্পরিক সমঝোতার মাধ্যমে একদিন একজন করে বিদ্যালয়ে উপস্থিত থাকেন, ফলে অধিকাংশ সময় বিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় না।অভিযোগকারীরা দাবি করেন, প্রধান শিক্ষক ও তার সহধর্মিণীর বাসা কুড়িগ্রাম শহরে এবং অপর সহকারী শিক্ষকের বাসা উলিপুরে হওয়ায় তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এর ফলে দীর্ঘদিন ধরে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান ক্রমাগত অবনতি ঘটছে।এলাকাবাসীর ভাষ্য, একসময় বিদ্যালয়টির শিক্ষার মান ভালো থাকলেও বর্তমানে তা নিম্নমুখী হয়েছে। নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এবং অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা আলোচনা করতে গেলে এক সহকারী শিক্ষিকার একটি মন্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি বলেছেন শিক্ষার্থী না এলেও সমস্যা নেই, শুধু পতাকা উঠলেই বেতন পাওয়া যাবে।তবে উক্ত বক্তব্য এবং অন্যান্য অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর পক্ষে মুহাম্মদ আল মামুনসহ স্থানীয় তরুণ সমাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত