প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
সাগরপাড়া রথ মেলায় সক্রিয় চাঁদাবাজ চক্র? নিরাপত্তা নিয়ে প্রশ্ন
মো: গোলাম কিবরিয়া, , রাজশাহী প্রতিনিধি:: ||
রাজশাহীর আষাঢ় মানেই রথযাত্রা, আর রথযাত্রা মানেই ঐতিহ্যবাহী সাগরপাড়া রথ মেলা। শত বছরের ইতিহাস বহনকারী এই মেলা শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং রাজশাহীর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক, সামাজিক ও বাণিজ্যিক মিলনমেলায় পরিণত হয়েছে। তবে এবারের রথ মেলা শুরু হওয়ার আগেই সামনে এসেছে চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায়ের একাধিক অভিযোগ, যা ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা মেলায় অংশ নিতে রাজশাহীতে আসতে শুরু করেছেন। মাটির তৈজসপত্র, বাঁশ ও কাঠের সামগ্রী, খেলনা, পোশাক, অলংকার, হস্তশিল্প ও গৃহস্থালি পণ্যের দোকানে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। শিশুদের জন্য থাকে নাগরদোলা ও বিভিন্ন বিনোদনমূলক রাইড। এছাড়া রসগোল্লা, কালোজাম, জিলাপি, পাপড় ও নানা মুখরোচক খাবারের দোকানও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।কিন্তু আনন্দঘন এই আয়োজনকে ঘিরেই উঠেছে চাঁদাবাজির অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, মেলা শুরু হওয়ার আগেই একটি প্রভাবশালী চক্র ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। সরেজমিনে স্বচ্ছ টাওয়ারের মোড় থেকে সাগরপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে রং দিয়ে চিহ্ন ও কোড নম্বর আঁকা দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, এসব চিহ্ন দোকানের স্থান সংরক্ষণের নামে অবৈধ অর্থ আদায়ের প্রস্তুতির অংশ।একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, পছন্দের স্থানে দোকান বসাতে চাইলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এছাড়া রাস্তার পাশের কিছু বাড়ির মালিক বা ভাড়াটিয়ারাও তাদের বাড়ির সামনে দোকান বসানোর জন্য অতিরিক্ত অর্থ দাবি করছেন বলে অভিযোগ রয়েছে।ব্যবসায়ীদের ভাষ্য, গত বছরও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। অনেককে একাধিক ব্যক্তির কাছে চাঁদা দিতে বাধ্য হতে হয়েছে। অভিযোগ রয়েছে, অর্থ প্রদান না করলে দোকান বসানো বা ব্যবসা পরিচালনায় নানা ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল।ব্যবসায়ীরা আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফলে এবারও তারা নিরাপত্তা ও ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন।স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নজরদারির কথা বলা হলেও মাঠপর্যায়ে এখনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ চোখে পড়ছে না। এতে মেলা শুরুর আগেই নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।রাজশাহীর ঐতিহ্যবাহী এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা চাঁদাবাজি ও অবৈধ অর্থ আদায় বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও চাঁদামুক্ত রথ মেলার পরিবেশ নিশ্চিত করবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত