প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
রাজশাহীতে বিষ দিয়ে মাছ হত্যা, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
মো: গোলাম কিবরিয়া, , রাজশাহী প্রতিনিধি:: ||
রাজশাহীর বাগমারা উপজেলায় একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া পর্যন্ত দাঁড়ার দুই পাশের প্রায় ৭০ বিঘা জমি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। প্রকল্পটিতে আগে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাও অংশীদার ছিলেন।আতাউর রহমানের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর অংশীদারদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি প্রকল্প দখলকে কেন্দ্র করে তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। এরই জেরে শুক্রবার ভোরে দুর্বৃত্তরা প্রকল্পের পানিতে বিষ ঢেলে দেয়।এর ফলে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, জাপানি রুই, কালিবাউস ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির চাষকৃত মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রকল্প মালিক।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত