প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১
আবুবকর সিদ্দিক, কয়রা প্রতিনিধি, খুলনা:: ||
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে চলাচলের পথ ঘেরা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে এছার আলী সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্থানীয় সূত্র ও মামলার অভিযোগ থেকে জানা যায়, মহারাজপুর ইউনিয়নের শামছুর সরদার ও তার ছেলে আব্দুল হালিম সরদারসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে এছার আলী সরদারদের ব্যবহৃত চলাচলের পথ অবৈধভাবে দখল করে ঘেরা দেওয়ার চেষ্টা করে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।অভিযোগ রয়েছে, ঘটনার দিন শামছুর সরদার ও তার সহযোগীরা পথ ঘেরা দেওয়ার চেষ্টা করলে এছার আলী সরদার, তার স্ত্রী ও ছেলেরা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল হালিম সরদার শাবল দিয়ে এছার আলী সরদারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আঘাতে তার মাথার হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।এ ঘটনায় এছার আলী সরদারের স্ত্রী ও ছেলেদেরও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আহতদের প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা চলাচলের পথ দখলের চেষ্টা চালিয়ে আসছিল এবং এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের দাবি, পথ দখলকে কেন্দ্র করেই এ সহিংস ঘটনার সূত্রপাত।এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।কয়রা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত