প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
নারায়ন চন্দ্র রায়, , দিনাজপুর প্রতিনিধি:: ||
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালীরবাজার ঘাট এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোয়ার কালীরবাজার এলাকায় একটি লিচুর বাগান দেখতে এসে আত্রাই নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন দুই ভাই।স্থানীয়রা দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্য, ডুবুরি দল এবং স্থানীয় লোকজন যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) এবং তার ছোট ভাই সাদ্দাম (৩২)।পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে তারা গত রোববার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী এলাকায় তাদের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরে জোয়ার কালীরবাজার এলাকায় একটি লিচুর বাগান দেখতে গিয়ে প্রচণ্ড গরমের কারণে আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় অসাবধানতাবশত নদীর গভীর অংশে চলে গেলে তারা পানিতে তলিয়ে যান।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, আত্রাই নদীর বিভিন্ন স্থানে গভীর খাদ ও তীব্র স্রোত থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই নদীতে গোসল ও নৌযান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত