প্রিন্ট এর তারিখ : ৩০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ তহবিলের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মোঃ শরীফ উদ্দিন,, নাসিরনগর প্রতিনিধি:: ||
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ইছাপুর গ্রামে মসজিদের তহবিলের অর্থ ব্যয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।শুক্রবার দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির ছুরি কেনার জন্য মসজিদের তহবিল থেকে অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।আহতরা হলেন রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার, নিজাম আলম, যদু মিয়া ও হুমায়ুন কবির। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত