প্রিন্ট এর তারিখ : ২৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
ঈদে পশুর হাট থেকে মহাসড়ক ও সেতুতে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
মোঃ জয়নাল আবেদীন পারভেজ, , স্টাফ রিপোর্টার:: ||
ঈদকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে টানা সাত দিন এসব কার্যক্রম মনিটর করা হবে।মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।তিনি বলেন, মহাসড়কগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আগের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে বলেও দাবি করেন তিনি।সম্প্রতি টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় তিনি বলেন, ভাড়া বাঁচাতে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রাকের ওপরে চলাচল করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে চালক ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশুর হাটে জাল নোট প্রতিরোধে বিভিন্ন হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহ করা হয়েছে। এ কাজে ব্যাংকগুলোও যুক্ত রয়েছে। এছাড়া অনুমোদনহীন পশুর হাট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।ঈদ-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, নিরাপদ ঈদযাত্রা, ঈদের জামাত এবং কর্মস্থলে নির্বিঘ্নে ফেরা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
যমুনা সেতু এলাকায় যানজটের বিষয়ে তিনি বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে ভোগান্তি তৈরি হচ্ছে। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ সমস্যার সমাধান করা হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত