প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
চবিতে নারীসহ আটক ছাত্রদল নেতা, গভীর রাতে ফ্ল্যাটে উত্তেজনা
চেকপোস্ট নিউজ, ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের এক নেতাকে এক নারী শিক্ষার্থীসহ ফ্ল্যাট থেকে আটককে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাসা থেকে স্থানীয়রা তাদের আটক করে বলে জানা গেছে।আটক শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিফ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়দের দাবি, নারী শিক্ষার্থীসহ তাকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে। তবে সাকিফ অভিযোগ করেছেন, পূর্বশত্রুতা ও রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে।জানা যায়, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওই নারী বন্ধুর সঙ্গে আগে থেকেই টিকিট কেটেছিলেন সাকিফ। রাতে খাবার শেষে নিজের কিছু জিনিসপত্র নিতে বাসায় যান তিনি। এ সময় কয়েকজন স্থানীয় যুবক তাদের অনুসরণ করে বলে অভিযোগ ওঠে। নিরাপত্তার কথা চিন্তা করে নারী বন্ধুকে সাময়িকভাবে ফ্ল্যাটে বসতে দেন সাকিফ।একপর্যায়ে দীর্ঘ সময় দরজা না খোলায় স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাকিফ দাবি করেন, তাকে মারধর করা হয়েছে এবং ল্যাপটপ, মানিব্যাগসহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত