প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
রাজধানীতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী আটক
চেকপোস্ট নিউজ:: ||
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২২ মে) ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকা এবং দুপুরে ধানমন্ডি-৩২ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে সন্ধ্যায় ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন ফুল মার্কেট এলাকায় একদল ব্যক্তি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র (২৭) রয়েছেন।
অন্যদিকে, জুমার নামাজের পর দুপুর আনুমানিক ২টার দিকে ধানমন্ডি-৩২ এলাকায় অভিযান চালায় ধানমন্ডি থানা পুলিশ। এ সময় ভাঙ্গা থানা যুবলীগের সভাপতি মো. মুরাদসহ মোট ২৬ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, তারা সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পৃথক দুই অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত