প্রিন্ট এর তারিখ : ২৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
গোপালগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
ছাইম খান,, টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
গোপালগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ে করার মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লা–কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশ থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) রাতে ইরাক থেকে দেশে ফেরেন প্রিন্স মোল্লা। বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় তার পাসপোর্টে থাকা সাজা পরোয়ানার তথ্য শনাক্ত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হয়।পরবর্তীতে গোপালগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে নিয়ে এসে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আদালতে হাজির করে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতের নথি অনুযায়ী, প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় কোনো অনুমতি ছাড়াই গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন প্রিন্স মোল্লা।ঘটনা জানাজানি হলে প্রথম স্ত্রী মনিরা বাদী হয়ে মুসলিম পারিবারিক আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–এর বিচারক মুহাম্মদ আলী তালহা তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রায় ঘোষণার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। অবশেষে দেশে ফিরতেই ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত