প্রিন্ট এর তারিখ : ১৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
শায়েস্তাগঞ্জে বাস শ্রমিকদের অবরোধ, আড়াই ঘণ্টা বন্ধ ঢাকা–সিলেট মহাসড়ক
চেকপোস্ট নিউজ:: ||
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় আড়াই ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ বাস-মালিক সমিতি ও পরিবহন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সাময়িকভাবে সিলেট বিভাগের সঙ্গে সড়ক যোগাযোগও ব্যাহত হয়।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কের ওপর বাস আড়াআড়িভাবে দাঁড় করিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা। এতে ঢাকা থেকে সিলেটগামী এবং সিলেট থেকে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হলে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।
হবিগঞ্জ বাস-মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ–মৌলভীবাজার–সিলেট রুটে বিরতিহীনভাবে বাস চলাচল করছে। তবে সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ হবিগঞ্জের পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করছে। এ নিয়ে দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
তিনি বলেন, গত রোববার মৌলভীবাজারের শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের কয়েকটি বাস আটকে শ্রমিকদের মারধর করা হয়। পরে প্রশাসনের উদ্যোগে দুই জেলার মালিক সমিতির নেতাদের বৈঠকের পর পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হয়। কিন্তু শনিবার সকালে আবারও কয়েকটি বাস আটকে শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে পরিবহন শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত