প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
৩৪ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার
জয়নাল আবেদীন পারভেজ, ||
রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) এবং মো. মামুন (২৫)।ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে উত্তর পূর্ব থানা-এর সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মো. মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং ৪০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২:০৫ মিনিটে গাজীপুর মহানগর-এর বাসন থানার এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ল্যাপটপ, কালার প্রিন্টার, ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, প্রিন্টেড নোট শিট, তরল গাম, কাটার ও ডাইস।ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা জাল টাকা তৈরির চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও দেশের বিভিন্ন এলাকায় এসব জাল টাকা সরবরাহ করে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট ও বিভিন্ন বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।তাদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় উত্তর পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত