প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
টুঙ্গিপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এস. এম. জিলানী
ছাইম খান, , টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-এ সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি এর আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ১৪ মে দুপুর ২টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া ২নং ওয়ার্ডে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী।তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং শ্রমজীবী কৃষকের মাথায় ঝুড়িতে মাটি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন।উদ্বোধনী বক্তব্যে এমপি জিলানী বলেন, সরকারের এ উদ্যোগ কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত হলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।জানা গেছে, ইজিপিপি কর্মসূচির আওতায় এ খাল সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
অনুষ্ঠান শেষে অতিথিরা খননকাজের এলাকা পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত