প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
রেল কর্মকর্তার বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি::, রাজশাহী প্রতিনিধি:: ||
বাংলাদেশ রেলওয়ে-র বর্তমান প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) ও সাবেক যুগ্ম মহাপরিচালক (ইএমই) মুহাম্মদ কুদরত-ই-খুদার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। রেলওয়ের ভেতরে-বাইরে তার নানা অনিয়ম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহীতে কর্মরত থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন-এর ঘনিষ্ঠজন হিসেবে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। ওই সিন্ডিকেটের মাধ্যমে রেলওয়ের উন্নয়ন প্রকল্প ও টেন্ডার নিয়ন্ত্রণ করা হতো বলেও অভিযোগ রয়েছে।এছাড়া বিরোধী মতাদর্শের শ্রমিকদের ওপর চাপ সৃষ্টি ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে থাকার সুবাদে তিনি শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।অভিযোগ অনুযায়ী, রাজশাহীর বহরমপুর এলাকায় তার একটি পাঁচতলা বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। এছাড়া শিরোইল কলোনিতে আরেকটি ভবন এবং পদ্মা আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে বলে দাবি করা হয়েছে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, মোহাম্মদপুর ও ধানমণ্ডিতেও তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এছাড়া রাজধানীর একটি নামকরা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে তার অংশীদারিত্ব রয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে।আর্থিক অনিয়মের পাশাপাশি তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নৈতিক স্খলনের অভিযোগও রেলভবনে আলোচিত হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার সম্পদ ও কর্মকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহ করছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুহাম্মদ কুদরত-ই-খুদার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, স্বচ্ছতার স্বার্থে তার সম্পদের উৎস এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত