প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
পশ্চিমবঙ্গ ভোট ফলাফল কাল, কারচুপির শঙ্কায় তৃণমূল সতর্ক
চেকপোস্ট নিউজ, ||
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সোমবার ৪ মে। দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে একটি আসনের ভোট বাতিল হওয়ায় মোট ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে অনিয়মের অভিযোগে সেখানে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে।সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। দুপুর ১২টার মধ্যে প্রাথমিক ফলের ধারণা পাওয়া যেতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকাজুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিসিটিভি ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।এবার মোট ৭৭টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে, যার মধ্যে কলকাতায় রয়েছে ৫টি কেন্দ্র। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। নিয়োগ দেওয়া হয়েছে ৪৩২ জন পর্যবেক্ষক, ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক।তবে ফল ঘোষণার আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তৃণমূল কংগ্রেস স্ট্রং রুম নিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছে। দলটির দাবি, ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা হতে পারে, তাই সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের স্ট্রং রুম পাহারার নির্দেশ দিয়েছেন এবং নিজেও সেখানে অবস্থান করেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ভোটে ক্ষমতার অঙ্ক কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বুথফেরত সমীক্ষায় বিভিন্ন ধরনের ইঙ্গিত পাওয়া গেলেও চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে দুপুর-সন্ধ্যা পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত