প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
মাদক জুয়ার টাকায় গির্জায় দস্যুতা| পরিকল্পনাকারীসহ ৩ জন আটক
চেকপোস্ট নিউজ, ||
রাজধানীর ভাটারা এলাকায় গির্জায় দস্যুতার ঘটনায় জড়িত তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়।পুলিশ জানায়, ঘটনার পর ভাটারা থানায় দস্যুতার মামলা দায়ের করা হয়। তদন্তে গির্জার পাশ দিয়ে একটি ব্যাটারিচালিত রিকশার সন্দেহজনক চলাচল নজরে আসে। পরে ঢাকার বিভিন্ন গ্যারেজের কয়েক হাজার রিকশা ও চালকের তথ্য যাচাই করে রিকশাচালক আক্তার হোসেন ওরফে মনাকে শনাক্ত করা হয়।প্রথমে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ লাখ টাকা ও দস্যুতায় ব্যবহৃত রিকশাটি উদ্ধার করা হয়।পরবর্তীতে আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগতির দুর্গম চরাঞ্চল থেকে সহযোগী মিজানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।সবশেষে রাজধানীর খিলক্ষেতের আমতলা এলাকা থেকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ১ লাখ টাকা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা তানভীর আহমেদ জানান, গ্রেপ্তার তিনজনই মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত। এসব আসক্তির অর্থ জোগাড় করতেই তারা দস্যুতার পরিকল্পনা করে।তিনি আরও জানান, ইস্টার সানডে উপলক্ষে গির্জায় অর্থ থাকার ধারণা থেকে তারা এই পরিকল্পনা করে। রিকশাচালক বাইরে পাহারা দিচ্ছিলেন, আর অন্য দুইজন ভেতরে ঢুকে ফাদারকে বেঁধে টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত