প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
শ্রমজীবী মানুষই উন্নয়ন-সমৃদ্ধির চালিকাশক্তি: তারেক রহমান
চেকপোস্ট নিউজ:: ||
মহান মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান বলেছেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি ও অবকাঠামো গড়ে ওঠে। এসময় তিনি দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান।বাণীতে তিনি ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে সংঘটিত হে মার্কেট ঘটনা-এ অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তারেক রহমান বলেন, শ্রমজীবী-কর্মজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার মূল ভিত্তি। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের রাষ্ট্র ও সমাজের উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখতেন। তার সময়েই বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারিত হয়, যা আজ দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত।বাণীতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় এলে শ্রমিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিক পরিবারের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা প্রদান।তিনি আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও অগ্রাধিকার হওয়া উচিত।বর্তমান শ্রমবান্ধব উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সময়মতো বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। মহান মে দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, এ বছর মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত