প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কঠোর বার্তা: মাদক-র্যাগিংয়ে সিট বাতিল
শাহাবুদ্দিন শিহাব,, কুবি প্রতিনিধি:: ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সঙ্গে প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্ট কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শৃঙ্খলা, নিরাপত্তা এবং শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সিদ্ধান্ত অনুযায়ী, যেসব শিক্ষার্থীর মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, তাদের সর্বোচ্চ এক মাসের মধ্যে আবাসিক হল ত্যাগ করতে হবে। এছাড়া মাদক সেবন বা র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর হলের সিট বাতিলসহ একাডেমিক শাস্তি দেওয়া হবে।একই সঙ্গে হলগুলোর অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। নষ্ট ফ্যান দ্রুত মেরামত এবং অচল ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজয়-২৪ হলের প্রভোস্ট মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “যেসব শিক্ষার্থীর ভাইভা সম্পন্ন হয়েছে, তাদের এক মাসের মধ্যে হল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। নতুন ব্যাচ ভর্তি হওয়ায় আবাসন সংকট দেখা দিয়েছে, তাই সিনিয়র শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।”তিনি আরও জানান, হলের শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে এবং এ বিষয়ে শিক্ষার্থী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত