প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে যানজট বাড়াচ্ছে ‘বাস বে’ অকার্যকর বাস্তবতা
চেকপোস্ট নিউজ, ||
চাঁপাইনবাবগঞ্জ শহরের যানজট নিরসন ও যাত্রী ভোগান্তি কমাতে নির্মিত প্রায় ২ কোটি টাকার দুটি ‘বাস বে’ এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নির্মাণের পাঁচ বছর পার হলেও প্রকল্পটির কাঙ্ক্ষিত সুফল মিলছে না।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে শহরের বিশ্বরোড মোড় থেকে রেহাইচরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের অংশ হিসেবে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ২০২০ সালে বিশ্বরোড ও শান্তিমোড় এলাকায় দুটি বাস বে নির্মাণ করা হয়।উদ্দেশ্য ছিল মূল সড়কের চাপ কমিয়ে বাসগুলোকে নির্দিষ্ট স্থানে দাঁড় করানো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বাসচালকরা এই স্টপেজ ব্যবহার করছেন না।সরেজমিনে দেখা গেছে, শান্তিমোড় এলাকার বাস বে এখন ট্রাক, কাভার্ডভ্যান ও অটোরিকশার দখলে। বিশ্বরোড মোড়ের বাস বে-তেও থ্রিহুইলার ও ব্যক্তিগত যানবাহনের পার্কিং চলছে। ফলে বিকল্প সড়কটি প্রায় অচল হয়ে পড়েছে।যাত্রীদের অভিযোগ, বাস নির্দিষ্ট জায়গায় না দাঁড়ানোয় তারা চরম ভোগান্তিতে পড়ছেন। আতাউর রহমান বলেন, নির্দিষ্ট বাস বে ব্যবহার না হওয়ায় যাত্রীরা বিভ্রান্ত হন এবং যানজটও বাড়ে।আরেক যাত্রী আনোয়ার হোসেন জানান, যানজটে অনেক সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায়, কিন্তু ব্যবস্থা নেওয়ার কেউ নেই।অন্যদিকে বাসচালকরা বলছেন, বাস বে-তে পর্যাপ্ত যাত্রী না থাকায় তারা মূল সড়কেই দাঁড়ান।স্থানীয় ব্যবসায়ী ও চালকদের মতে, ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় এসব অবৈধ দখল বেড়েছে।মোহা. নাহিনুর রহমান বলেন, চালকদের অনাগ্রহ ও ব্যবহার না করার কারণেই বাস বে কার্যকর হচ্ছে না।
সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব মুনিরুজ্জামান বলেন, যথাযথ তদারকি না থাকলে সরকারি এই বিনিয়োগ পুরোপুরি অপচয় হয়ে যাবে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত