প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
ফেসবুক পোস্টে বদলে গেল ভাগ্য, মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর
চেকপোস্ট নিউজ:: ||
হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ এক স্কুল শিক্ষকের ফেসবুক পোস্টে সাড়া দিয়ে অবশেষে নতুন ঘর পেলেন অসহায় মানিক মিয়া।উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়া দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবনযাপন করছিলেন। আট কন্যা সন্তানের জনক এই বিপত্নিক ব্যক্তি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। তার বসবাসের ঘরটি ভেঙে যাওয়ায় বৃষ্টির সময় ছোট ছোট মেয়েদের নিয়ে রাতভর কষ্টে থাকতে হতো।মানিক মিয়ার এই অসহায়ত্ব দেখে উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ হেফজুর রহমান ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন এবং মানবিক সহায়তার আহ্বান জানান।পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বাংলাদেশি, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, বিষয়টি নজরে নিয়ে সহায়তার হাত বাড়ান। তার অর্থায়নে মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর মাধ্যমে মানিক মিয়ার জন্য নতুন একটি ঘর নির্মাণ করা হয়।নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত মানিক মিয়া বলেন, “আমি কখনো ভাবিনি এমন সুন্দর একটি ঘরে থাকতে পারবো। যারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।”প্রবাসী ওই দাতা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তিনি ও তার পরিবার মানসিক শান্তি পান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত