প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
নৌকায় আসন নিয়ে কথা-কাটাকাটি, হাতাহাতিতে প্রাণ গেল যাত্রীর
চেকপোস্ট নিউজ, ||
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা-এ নৌকায় বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এক যাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।রোববার (২৬ এপ্রিল) উপজেলার বগডহর গ্রামের মনোবাবু নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মো. হানিফ মিয়া (৪৫), তিনি বগডহর গ্রামের মৃত হারিজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই নবীনগর হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মেহেদি হাসান।মেহেদি হাসানের ভাষ্য অনুযায়ী, হানিফ মিয়া ও তার স্ত্রী সারবানু বেগম আড়িয়াল এলাকায় যাওয়ার জন্য নৌকায় ওঠেন। তখন অভিযুক্ত এলেম খা নৌকায় নারীদের নির্ধারিত স্থানে বসে ছিলেন।হানিফ মিয়া তাকে সেখান থেকে সরে বসতে বললে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়।অভিযোগ রয়েছে, এক পর্যায়ে এলেম খা হানিফ মিয়ার বুকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে অভিযুক্ত এলেম খা পলাতক রয়েছেন। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা শুনেছেন। তবে এখনো বিস্তারিত তথ্য হাতে আসেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত