প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
শেষ ম্যাচে হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ নারী দল, লঙ্কানদের দাপট
চেকপোস্ট নিউজ:: ||
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে টাইগ্রেসরা।রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ম্যাচে নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর দলনেতা চামারি আতাপাতু ১০ রান করে বিদায় নেন। এরপর ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি মিলে গড়েন ১০৮ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।দুলানি ৫৬ রান করে আউট হলেও পেরেরা খেলেন ৯৫ রানের অসাধারণ ইনিংস। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। পরে হারশিথা সামারাবিক্রমার সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে সহজ জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কানরা।বাংলাদেশের হয়ে মারুফা আক্তার দুটি উইকেট নেন এবং সোবহানা মোস্তারি নেন একটি উইকেট।এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন সোবহানা মোস্তারি। শুরুতে ফারজানা হক (১১) ও শারমিন সুলতানা (১৭) ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি।এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ইনিংস কিছুটা স্থিতিশীল হয়। জ্যোতি ৯০ বলে ৪০ রান করলেও ধীরগতির ইনিংস দলের রানরেটে প্রভাব ফেলে।অন্যদিকে সোবহানা শুরু থেকেই সাবলীল ছিলেন। ৬০ বলে ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৮০ বলে ৭৪ রান করেন তিনি। শেষদিকে রিতু মণি ১৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেননি।
শেষ পর্যন্ত ২১৩ রানের লক্ষ্য শ্রীলঙ্কার জন্য খুব বেশি কঠিন হয়ে ওঠেনি, ফলে সিরিজটিও হারাতে হলো বাংলাদেশকে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত