প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
রপ্তানি খাতে গতি ফেরাতে প্রি-শিপমেন্ট ঋণ চালু
চেকপোস্ট নিউজ:: ||
দেশের রপ্তানিমুখী শিল্পকে গতিশীল করতে পুনরায় প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি সহায়তা হিসেবে গঠিত ১০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকা এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে মাত্র ২ শতাংশ সুদে অর্থ গ্রহণ করতে পারবে এবং তা রপ্তানিকারকদের কাছে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বিতরণ করা যাবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের প্রয়োজনীয় ব্যয় মেটাতে এই ঋণ ব্যবহার করা হবে।রপ্তানিকারকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কম সুদের এই অর্থায়ন সুবিধা দীর্ঘদিনের তারল্য সংকট কাটিয়ে রপ্তানি খাতে নতুন গতি আনবে এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করবে।বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এই উদ্যোগ রপ্তানি বাণিজ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং দেশের মোট রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, প্রি-শিপমেন্ট ঋণ বন্ধ থাকায় উৎপাদন খাতে পুঁজি সংকট তৈরি হয়েছিল, যা এখন পুনরায় চালুর মাধ্যমে কিছুটা সমাধান হবে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংঘাত এবং আন্তর্জাতিক বাজারের চাপের কারণে রপ্তানি খাত চাপে রয়েছে। এ পরিস্থিতিতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়াতে এই পুনঃঅর্থায়ন ব্যবস্থা চালু করা হয়েছে।এর আগে করোনা মহামারির সময় ২০২০ সালে প্রথমবার ৫ হাজার কোটি টাকার প্রি-শিপমেন্ট তহবিল গঠন করা হয়েছিল, যা ২০২৫ সালে মেয়াদ শেষ হয়। পরে তা নবায়ন না হওয়ায় ব্যবসায়ীরা সংকটে পড়েন।
ব্যবসায়ীরা মনে করছেন, নতুন এই উদ্যোগ শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখা, শ্রমিকদের বেতন নিশ্চিত করা এবং শ্রম অসন্তোষ কমাতে সহায়ক হবে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত