প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
বাসভাড়া সমন্বয়, তবে রেল-নৌ ভাড়ায় এখনো সিদ্ধান্ত নেই
||
রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম রুটসহ দূরপাল্লার বাস এবং আন্তঃজেলার পরিবহনে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে এটিকে ‘ভাড়া বৃদ্ধি’ না বলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ‘সমন্বয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি জানান, এই সিদ্ধান্ত ডিজেলচালিত বাসের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে ভাড়াও পুনরায় সমন্বয় করে কমানো হবে। গণপরিবহনে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকবে। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় পরিবহন খাতের ব্যয় বেড়েছে। পরিবহন মালিকরা শুরুতে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানালেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে ১১ পয়সায় নির্ধারণ করা হয়েছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর রয়েছে।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত