প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
||
লাখাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম, লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিব কুমার আচার্য্য, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন এবং লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক।
বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রদর্শন করে মোট ১২টি স্টল নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের অগ্রযাত্রার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন এবং আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ বিজ্ঞানাগারের সুবিধা বাড়ানোর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত