প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় মেইল বাসে তল্লাশি: ৫৪০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রে ফ তার ২
||
বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী মেইল বাসে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের আড়িয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজারস্থ আইজুলের ভাতের হোটেলের সামনে অবস্থান নেয় ডিএনসি বগুড়া-এর একটি আভিযানিক দল। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ‘আল-আমিন পরিবহন’ নামক একটি যাত্রীবাহী মেইল বাসে (রেজিস্ট্রেশন নং: মুন্সিগঞ্জ-জ-১১-০০০১) তল্লাশি চালানো হয়। বাসের ভেতর F-3 এবং F-4 সিটে বসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৪০ পিস কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং সিমসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যাত্রীদ্বয় কোনো টিকেট ছাড়াই ভ্রমণ করছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা ও ধনুট উপজেলার চার ধনুর গ্রামের মৃত ভুলুর স্ত্রী মিলন দেওয়া (৫৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি বগুড়া কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।
তানজিল সরকার
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত