প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা : নিরাপত্তা নিয়ে প্রশ্ন
||
গাইবান্ধায় রেলওয়ের লোহার গ্রিলের বাউন্ডারি (ফেনসিং) রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেলস্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির প্রায় ৬ ফুট অংশ কে বা কারা কেটে নিয়ে যায়। নিয়মিত নিরাপত্তা টহল থাকার কথা থাকলেও এমন ঘটনায় নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীলতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
রেলওয়ের বাউন্ডারি কেটে নেওয়ায় স্টেশন এলাকা অরক্ষিত হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মত তাদের।
স্থানীয় বাসিন্দা সাখোয়াত মিয়া অভিযোগ করে বলেন, “নিরাপত্তা দেওয়ার চেয়ে কিছু নিরাপত্তাকর্মী ছোট দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলায় বেশি ব্যস্ত থাকে। তাদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে।”
অভিযোগের বিষয়ে গাইবান্ধা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার আশুতোষ রায় বলেন, “আমাদের লোকবল খুবই কম। মাত্র চারজন সদস্য দিয়ে পুরো এলাকা সামলাতে হয়। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার জানান, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। নির্দেশনা পেলেই মামলা দায়ের করা হবে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত