প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
গঙ্গাচড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী গণমিছিল
||
গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ ১০ দলীয় জোট মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় গঙ্গাচড়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাচড়া জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. রায়হান সিরাজী বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ তৈরির রাস্তা বন্ধ হবে। পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার হওয়ার পথ বন্ধ হবে। ভারতীয় আধিপত্যবাদের প্রভাব রোধ হবে এবং ইনসাফের ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি বলেন, ওসমান হারুনী ও আবু সাঈদ মুগ্ধর বাংলাদেশে ছাত্র-জনতা বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
রায়হান সিরাজী আরও বলেন, আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৫৪ বছরের শোষিত রংপুর-১ আসনে একটি নতুন সূচনা করতে চান তারা। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রংপুর-১ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, গোটা আসনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে একটি মহল অস্বস্তিতে ভুগছে এবং নানা কল্পকাহিনি ছড়াচ্ছে। তবে আমরা পাল্টা প্রতিবাদে যাব না, কারণ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে চাই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মাঠে-ঘাটে, হাটে-বাজারে, চায়ের দোকান থেকে ক্ষেতে-খামারে—যেখানেই যাবেন, কথা হবে একটাই—দাঁড়িপাল্লা আর ‘হ্যাঁ’ ভোট।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মমিনুর রহমান। এ সময় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত