প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবি ও নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
||
ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে শনিবার রাতে এক নির্বাচনী জনসভায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, অতীতে ভবনটি ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাকসুর সদস্য হেমা চাকমা। তিনি বলেন, “নারীরা নিজেদের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিয়ে এখনো সংগ্রাম করছে। প্রত্যন্ত অঞ্চল থেকে বহু কষ্ট করে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। সেই নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “যে দলেরই হোক না কেন, কেউ নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। আমরা একটি নারীবান্ধব বাংলাদেশ চাই। অভিযুক্ত জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
এ সময় সলিমুল্লাহ মুসলিম হলের জিএস ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদমান আব্দুল্লাহ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানসহ বহু ঐতিহাসিক অধ্যায়। এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আমরা মেনে নেব না।”
তিনি ডাকসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “অন্যান্য ইস্যুতে ডাকসুর ব্যানারে প্রতিবাদ দেখা গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। প্রত্যেক হল সংসদকে এ ঘটনার প্রতিবাদে বিবৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
কর্মসূচির শেষ পর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত নেতার কুশপুতুল দাহ করেন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত