মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস চালক নাঈম (২৫)-কে আটক করেছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল অটোরিকশাটি। পথে সিরাজনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন অটোরিকশার চালক আব্দুল হান্নান ও অপর একজন, যার নাম এখনও জানা যায়নি। গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজনের নাম রাহুল (১৮) জানা গেছে, অপরের নাম অজানা। এছাড়া আহত অন্য দু’জনের মধ্যে একজন ছাব্বির মিয়া (৩৭) এবং অপর অজ্ঞাত (৪০) সদর হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল হক মুন্না জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।