
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার মোড়াকরি ইউনিয়নের হবিগঞ্জ–লাখাই আঞ্চলিক মহাসড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বুল্লা বাজার থেকে নাসিরনগরের উদ্দেশ্যে মাছ নিয়ে যাওয়ার সময় ভোর আনুমানিক ৬টায় মোড়াকরি এলাকার তিতাস ইটভাটার পশ্চিম পাশে একটি ব্রিজের কাছে সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় মোড়াকরি গ্রামের নুর মিয়ার ছেলে ছোয়াব মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন, সুদেব দাসের ছেলে জুয়েল দাস (২১), শ্রীকুমার দাসের ছেলে পিপাস দাস (২২), বসুদেব দাসের ছেলে বাসুদেব দাস (৩২), অটোরিকশা চালক পূর্ব বুল্লা গ্রামের আজদু মিয়ার ছেলে হাফিজুর রহমান (৩৫)
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোয়াব মিয়াকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেন।
চালক হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি উদ্ধারের কাজ শুরু করে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান,
“দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। এটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘটিত দুর্ঘটনা হওয়ায় নিহতের মরদেহ দাফনে আইনগত কোনো বাধা নেই।”