
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুখ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ফারুখ র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে তিনি গুরুতর আহত হন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন রাস্তায় বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাস্তায় পড়ে থাকা আহত ফারুখকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আইচগাতী ক্যাম্পের ইনচার্জ মোঃ ইব্রাহিম শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হলেও স্থানীয় কেউ এখনো হামলাকারীদের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হয়নি। তিনি বলেন, “এলাকাবাসীর কাছ থেকে আমরা জেনেছি, আহত ব্যক্তি র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। তবে কে বা কেন তাকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।