
খুলনার রুপসা উপজেলার খান মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রুপসা থানার শ্রীফলতলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করে। এর আগে বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকা থেকে হিমেল হাওলাদারকে গ্রেফতার করা হয়।
খুলনা জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুলে যাতায়াতকালে দীর্ঘদিন ধরে হিমেল হাওলাদার ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে হিমেলকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করলেও সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ৯ এপ্রিল সকালে খান মোহাম্মদপুর এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় হিমেল। ঘটনার পরপরই ভিকটিমের পরিবার রুপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
পুলিশ তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নবপল্লী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।