
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাজশাহী শহর এখন উৎসবমুখর। ফাইনাল ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে নগরীর প্রতিটি অলিগলি উল্লাসে মুখর হয়ে ওঠে।
শুক্রবার রাত সাড়ে দশটায় খেলা শেষ হতেই সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি, মনিচত্বর ও রেলগেট এলাকা স্বতঃস্ফূর্তভাবে উল্লাসে ভরে ওঠে। “রাজশাহী চ্যাম্পিয়ন”, “সাবাস রাজশাহী” স্লোগান দিয়ে মিছিল শুরু হয়।
অনেকেই বড় পর্দায় খেলা দেখার পর আনন্দে আত্মহারা হয়ে মিছিলে অংশ নেন। বিভিন্ন মোড়ে স্থানীয় যুবকরা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে বিজয় উদযাপনকে স্মরণীয় করে রাখেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এই শিরোপাকে রাজশাহীর ক্রিকেটের জন্য নতুন প্রেরণা হিসেবে দেখছেন। বিজয়কে শহরের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।