রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ বিএনপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে এক ইউপি সদস্যসহ আরও ১১ জন বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে যোগদান করানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন সুজন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সহসভাপতি শফিকুল ইসলাম চান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
মোহাইমিন ইসলাম মারুফ এর আগে বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি গত বছরের ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। মোহাইমিন ইসলাম মারুফের সঙ্গে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য নজরুল ইসলাম, আবু তাহের, মো. রকিবুল হক, আশরাফ আলী, সাদেকুল ইসলাম, বাবু হরিমল চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, মহুবার রহমান, রাকিব আহমেদ রবিউল, বায়েজিদ ইসলাম, জুলফিকার আলী ও আমিনুর রহমান।
বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বদরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী সহিংস ও নাশকতামূলক ঘটনার অভিযোগে একটি মামলা করা হয়। এ মামলাটি ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর বাদশা ওসমানী নামের এক ব্যক্তি দায়ের করেন। মামলার নম্বর ৪/২৪। এ ছাড়া মারুফের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় আরও একটি মামলা রয়েছে। মামলা নম্বর ৮, যা ২০২৫ সালের ১৫ মার্চ রেকর্ড করা হয়।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে মোহাইমিন ইসলাম মারুফ বলেন, আমি দলটির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি।
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, নতুন যোগদানকারীরা দলের আদর্শে বিশ্বাসী। তাদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তবে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের ঘটনায় গঙ্গাচড়ার রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম আহাদ জানান, অবৈধ ক্ষমতার সুযোগ নিয়ে অন্যায়-জুলুম করা একটি গোষ্ঠী এখন নতুন আশ্রয়ের খোঁজে বিএনপিতে যাচ্ছে। তার অভিযোগ, যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের ব্যক্তিদের দলে নেওয়া রাজনৈতিক সুবিধাবাদ ও নৈতিক দেউলিয়াপনার পরিচয়, যার তিনি তীব্র নিন্দা জানান।