পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয় বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন। এর আগে তিনি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রথমে কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যান, যেখানে তিনি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। পরে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় দশক বিদেশে অবস্থানের পর এবারই প্রথম দেশে ঈদ উদযাপন করছেন তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি পরিবারসহ দেশে ফেরেন। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।