মালয়েশিয়ার জোহর রাজ্যে এক যৌথ অভিযানে বাংলাদেশিসহ মোট ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
বুধবার জেলার বিভিন্ন স্থানে পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও বিদেশিদের খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জোহর জেআইএম-এর এনফোর্সমেন্ট টিম ‘অপ মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’ শিরোনামে বেলা ১১টা থেকে অভিযান পরিচালনা করে।
জোহর জেআইএম পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাশের অপব্যবহারের অভিযোগে অভিযুক্তরা আটক হয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটকদের মধ্যে রয়েছেন- ১৯ জন মিয়ানমার, ৬ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয়, ৫ জন বাংলাদেশি, ১ জন পাকিস্তানি, ৫ জন কম্বোডিয়ান, ৩ জন শ্রীলঙ্কান (১ পুরুষ, ২ মহিলা), ১০ জন মিয়ানমার মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান মহিলা এবং ২ জন ভারতীয় মহিলা।
সবাইকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক দাতুক রুসদি জনসাধারণকে অনুরোধ করেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে এবং জোহরে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।