মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। মোট ১৫টি পদের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছেন তারা। তবে সভাপতি পদে জয়ী হয়েছেন জামায়াতপন্থী স্বতন্ত্র প্রার্থী, যা নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সমিতির কার্যালয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফরহাদ হোসেন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জয়ী হয়েছেন জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক খান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়াকে ৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহাবুব হোসেন (শাকিল)। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রেজাউল করিমকে ১৫৬ ভোটে হারান।
সিনিয়র সহ-সভাপতি পদে সৃষ্টি হয়েছে নাটকীয় পরিস্থিতি। এ পদে আনোয়ার হোসেন ও জালালুর রহমান উভয়েই সমান ১৩০টি ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, পুনরায় ভোট গণনা বা লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি মাহবুব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (১) শাকিলা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মশিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ সুজন ভৌমিক, লাইব্রেরি সম্পাদক মুনীর হাসান এবং মহরার সম্পাদক এ কে এম আজিজুল হক মুকুল।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দা তাহমিনা খানম, এনামুল হক, আবদুস সালাম, ইকবাল হোসেন ও আবু সুফিয়ান। এছাড়া আপ্যায়ন ও বিনোদন সম্পাদক পদে বদরুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আইনজীবীরা জানান, একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলেও বাকি ১৪টি পদে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে ফলাফলে বিএনপিপন্থী কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। পুরো প্যানেলে আওয়ামীপন্থীদের জয়জয়কার থাকলেও সভাপতি পদে ভিন্ন ফলাফল নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩০০ ভোটারের মধ্যে ২৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।