ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর আষাঢ়ীয়ারচর ব্রিজের উপর মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চালককে গুলি করে এক সৌদি আরব প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল এ সময় ওই সৌদি আরব প্রবাসীর পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়ালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা সদরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব ফেরত মো. দেলোয়ার হোসেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ভোরে নোহা মাইক্রোবাসযোগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ারচর ব্রিজের উপর তাকে বহনকারী নোহা মাইক্রোবাসটি পৌঁছলে পেছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িতে আসা অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল তার গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীকে বহন করা গাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় প্রবাসীকে বহন করা নোহা মাইক্রোবাসের চালকের সাথে ডাকাত দলের ধ্বস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ডাকাত দল মাইক্রোবাসের চালকের ডান হাতে এক রাউন্ড গুলি করে তাকে আহত করে। পরে ডাকাতদল মাইক্রোবাসের ভেতরে থাকা সৌদি প্রবাসীর পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়াল ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
আহত মাইক্রোবাস চালক ফিরোজ মিয়া ভোলার তজুমুদ্দিন থানার চাষাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পরে গুলিবিদ্ধ ফিরোজ মিয়াকে স্থানীয় পথচারীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতি সংঘটিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এ কারণে ডাকাত দল ডাকাতি করতে ব্যর্থ হয়েছে। তবে একজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গুলিবর্ষণের প্রশ্নে তিনি বলেন, গুলির শব্দ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গুলিবিদ্ধ হয়ে সৌদি প্রবাসীর গাড়ির চালক আহত হওয়ার ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।