ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৮ প্রার্থীকে মনোনীত করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে। এছাড়াও এনসিপিসহ অন্যান্য দল থেকে ৫ জনকে তালিকায় রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নামগুলো জানানো হবে।
জামায়াতের মনোনয়ন তালিকায় আছেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।
অন্যান্য ৫ জন হলেন- এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম ও জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১–দলীয় ঐক্য। সে হিসাবে ৫০টি নারী আসনের ১৩টি নারী আসন পাচ্ছে তারা; আর ৩৬টি বিএনপি পাচ্ছে এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।
এর আগে বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে।