প্রতি বছরের মতো এবারও গুমের শিকার ব্যক্তিদের পরিবারে ‘ঈদ উপহার’ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা পাবেন এই ‘ঈদ উপহার’।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) থেকে প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দেন তারেক রহমান। গত বছর থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মধ্যেও যথাসাধ্য চেষ্টা করা হয় ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়ার। এবার নতুন সরকার এক মাসে অনেক কাজ করেছে। ‘ঈদ উপহার’ বিতরণে একটু দেরি হলেও তারেক রহমান তাদের ভুলে যাননি।
২০১৬ সাল থেকেই নির্যাতিত পরিবারের জন্যে রমজান মাসে ‘ঈদ উপহার’ দিয়ে আসছেন তারেক রহমান। এবার প্রায় ১৯০০ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পাচ্ছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক একাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং আমরা বিএনপি পরিবারের টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।