গাজীপুরের শ্রীপুরে মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলামের মেয়েকে ফিল্মি স্টাইলে অপহরণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বলছে, এ ধরনের জঘন্য ও ন্যক্কারজনক ঘটনা শুধু একটি পরিবারের ওপর নয়, বরং পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিকতার ওপর আঘাত হানে।
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
অপহৃত মেয়েটিকে নিরাপদে উদ্ধারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় জমিয়ত।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় থাকে।
গত ১৫ এপ্রিল বেলা ১১টার দিকে শ্রীপুরের মাওনা এলাকার ইমাম হাদিউল ইসলামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ঘরের দরজা ভেঙে হাদিউলের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।